স্বাস্থ্য

পাওয়ার অব শি ট্রাস্টের আয়োজনে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় 'পাওয়ার অব শি ট্রাস্ট'-এর চেয়ারম্যান সাবিনা স্যাবি সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খানের কাছে শিক্ষার্থীদের জন্য প্যাড ব্যাংক হস্তান্তর করছেন। এ সময় মঞ্চে অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

‘সুরক্ষিত স্বাস্থ্য, উচ্ছল তারুণ্য’ স্লোগানে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পাওয়ার অব শি ট্রাস্ট। এতে মাসিককালীন স্বাস্থ্য, পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম (পিএমওএস ), বন্ধ্যাত্ব, স্তন ক্যান্সার ও মানসিক সুস্থতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে কিশোরীদের জন্য প্যাড ব্যাংক ও প্রদান করা হয়। স্বাগত বক্তব্য দেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান।

মাসিককালীন স্বাস্থ্য নিয়ে সচেতনতার প্রয়োজন

অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)-এর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. গুলশান আরা বলেন, নারীর স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে বাংলাদেশে এখনও অনেক জায়গায় ঘাটতি রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে আরও বেশি সচেতনতা তৈরি করা প্রয়োজন।

মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, গ্রামের বিভিন্ন মাদ্রাসায় অনেক কিশোরী মাসিকের সময় প্যাডের পরিবর্তে কাপড় ব্যবহার করে। কাপড় ব্যবহার করলে তা সঠিকভাবে পরিষ্কার, শুকানো ও সংরক্ষণের বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জ্ঞানও তাদের দিতে হবে।

তিনি বলেন, শুধু প্যাড সরবরাহ করাই যথেষ্ট নয়; প্যাড ব্যাংকের মতো উদ্যোগের পাশাপাশি নিয়মিত মনিটরিং ও পরবর্তী কার্যক্রম নিশ্চিত করাও জরুরি।

পিএমওএস নিয়ে স্বাস্থ্য সচেতনতা

কিশোরী ও তরুণীদের হরমোন ও বিপাকীয় স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন ডা. শারমিন আব্বাসী, গাইনোকোলজিস্ট এবং বন্ধ্যাত্ব ও আইভিএফ বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল।

তিনি পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম (PMOS) নিয়ে আলোচনা করেন, যা আগে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS) নামে পরিচিত ছিল এবং বর্তমানে আন্তর্জাতিকভাবে PMOS নামে উল্লেখ করা হচ্ছে।

ডা. শারমিন আব্বাসী বলেন, অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তপাত, তীব্র মাসিক ব্যথা, হঠাৎ ওজন বেড়ে যাওয়া, মুখে অতিরিক্ত লোম, ব্রণ কিংবা অতিরিক্ত চুল পড়ার মতো উপসর্গ দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়।

এ ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিজের মতো করে ওষুধ না খাওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি স্বাস্থ্যকর জীবনযাপনের ওপরও গুরুত্ব দেন। সুষম খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

স্তন ক্যান্সার নিয়েও আলোচনা

ডা. হাসান শাহরিয়ার কল্লোল, সহযোগী অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা, ঝুঁকি এবং শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তিনি সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং রোগের ধরন ও পর্যায় অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা, স্ক্রিনিং ও চিকিৎসার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

গুরুত্ব পেল মানসিক স্বাস্থ্যও

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি কিশোরী ও নারীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন সাইকোলজিস্ট তানিয়া সুভাষিতা।

তিনি বলেন, ভয়, সংকোচ ও সামাজিক চাপের কারণে অনেক কিশোরী ও নারী প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন না।

কিশোরীরা যেন ভয় বা সংকোচ ছাড়াই নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারে, সে জন্য পরিবার ও সমাজকে আরও সহায়ক পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি।

প্রশ্ন করেন শিক্ষার্থী ও শিক্ষকরা

অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পিএমওএস, মাসিককালীন স্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য, স্তন ক্যান্সার ও মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করেন।

বিশেষজ্ঞরা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নারীর স্বাস্থ্য নিয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা নিয়েও আলোচনা করেন।

‘নারীর স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়,নারীর অধিকার’

পাওয়ার অব শি ট্রাস্টের চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, নারীর স্বাস্থ্যকে কোনো বিলাসিতা হিসেবে দেখার সুযোগ নেই; এটি নারীর অধিকার।

তিনি বলেন, ছোটবেলা থেকেই সঠিক স্বাস্থ্য তথ্য দেওয়া গেলে একজন কিশোরী নিজের শরীরের পরিবর্তনকে ভয় না পেয়ে বুঝতে শিখবে, প্রয়োজন হলে সহায়তা চাইতে পারবে এবং ভবিষ্যতে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারবে।

সাবিনা স্যাবি বলেন, পাওয়ার অব শি ট্রাস্ট শুধু একটি আয়োজনের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চায় না। শহর থেকে প্রত্যন্ত এলাকা পর্যন্ত নারী ও পরিবারের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে তারা কাজ করছে।

তিনি বলেন, “আমরা চাই, একজন মা যেন মেয়ের মাসিক নিয়ে কথা বলতে সংকোচ না করেন, একজন কিশোরী যেন নিজের শারীরিক পরিবর্তন নিয়ে ভয় না পায় এবং একজন নারী যেন নিজের স্বাস্থ্যে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখলে তা অবহেলা না করেন।”

নারীর স্বাস্থ্য নিয়ে নীরবতা ভাঙাকে সংগঠনের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা থেকে প্রত্যন্ত এলাকায় পাওয়ার অব শি’র কার্যক্রম

২০১৭ সাল থেকে নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, স্বাস্থ্য সচেতনতা ও নেটওয়ার্কিং নিয়ে কাজ করছে পাওয়ার অব শি ট্রাস্ট।

ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহর ও প্রত্যন্ত এলাকায় নারী, শিশু ও কিশোরীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

২০২০ সাল থেকে উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন আয়োজন করে আসছে পাওয়ার অব শি। এতে নারী উদ্যোক্তাদের জন্য প্রদর্শনী, নেটওয়ার্কিং, প্রশিক্ষণ ও মেন্টরশিপের সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য নিয়েও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

পাওয়ার অব শি ট্রাস্টের লক্ষ্য হলো নারী ও কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো, প্রয়োজনীয় তথ্য ও সহায়তার সুযোগ তৈরি করা এবং নারীর স্বাস্থ্য নিয়ে প্রচলিত সংকোচ ও নীরবতা কমিয়ে একটি আরও সচেতন ও সহায়ক সমাজ গড়ে তোলা।

Related coverage: New Age | Experts urge greater awareness of adolescent girls’ health issues

https://btimesbd.com/power-of-she-health-awareness-programme-adolescent-girls/

btimes desk